
কুমিল্লা থেকে: শাহাদাত কামাল শাকিল
কুমিল্লার টমছমব্রিজ এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে মো. রাহাত নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে স্থানীয়দের তৎপরতায় ঘটনাটি ভেস্তে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার একাডেমিতে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র সাজিদকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে রাহাত। সে নিজেকে পুলিশের সদস্য দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় সন্দেহ হয় এক ফল ব্যবসায়ীর। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাহাতকে আটক করে এবং কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ট্রাফিক ইনস্পেক্টর তোফায়েল আহমেদ বলেন, “স্থানীয়দের দ্রুত প্রতিক্রিয়ার কারণে শিশুটি অপহরণকারীর হাত থেকে রক্ষা পায়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
শিশু সাজিদ বর্তমানে তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করলেও জনসচেতনতা ও তৎপরতায় একটি বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।