
নিজস্ব প্রতিবেদক : শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা
২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় কুমিল্লা নগরীর পূবালী চত্বরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ধানের শীষের প্রার্থীর প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, “আপনাদের কাছ থেকে একটি ভোট ছাড়া আর কিছু চাই না।” তিনি জানান, ৬৩ বছরের রাজনৈতিক পথচলায় ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান, স্বাধীন বাংলাদেশের বিভিন্ন শাসনামল— বিএনপি, জাতীয় পার্টি থেকে বর্তমান ‘ফ্যাসিস্ট’ সময় পর্যন্ত রাজনৈতিক বাস্তবতা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। দলের প্রতি তাঁর আনুগত্য, দেশকে নিয়ে চিন্তা, আর কুমিল্লা নিয়ে স্বপ্নের কারণেই তারেক রহমান তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, মুক্তিযোদ্ধাদের পাঠিয়েছি। পরবর্তী ১৫ বছর দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে পরিবার নিয়ে লড়াই করেছি। বেগম জিয়ার আহ্বানে বিএনপিতে যোগ দিয়েছি। দল আমাকে সম্মান দিয়েছে— আমি দলের সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ।”
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, “দল যাকে মনোনয়ন দিয়েছে, তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের জন্য আজ থেকেই মাঠে নামুন।”
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুর রহমান শিশির, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব ফায়াজ রশিদ প্রিমু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান ও যুবদল নেতা সোহেল মজুমদার বক্তব্য রাখেন।