
শাহাদাত কামাল শাকিল কুমিল্লা
গোমতি টাচ পার্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার দিনব্যাপী জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় কারাতে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার ও সহসভাপতি রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট চেয়ারম্যান গাজী মো. মামুন হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান (আবু)।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নাজমূল হাসান, মনিরুল ইসলাম, হারুন উর রশিদ সুমন, নুরে আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক মোখলেছুর রহমান জানান, কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের শিক্ষার্থীরা জাপান, কোরিয়া, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেছে। শেষে সভাপতি হাজী মামুন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।