
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মনিরুল হক সাক্কু।
সভায় সভাপতিত্ব করেন জনাব জসিম উদ্দিন মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট।
মেয়র সাক্কু তার বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন জোরদার হচ্ছে। এক সময় মানুষ ভয়ে কথা বলতে পারত না। এখন সময় এসেছে ভয়ভীতির অবসান ঘটিয়ে নির্ভয়ে কথা বলার এবং ভোটের মাধ্যমে পরিবর্তন আনার।” তিনি আরও বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি—আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন।”
সভায় উপজেলা, মহানগর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাতী দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, বিএনপির এই মাঠপর্যায়ের কর্মসূচির মাধ্যমে তৃণমূলে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।