
নিজস্ব প্রতিবেদক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন যোগীপোল এলাকার স্থানীয় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি স্থানীয় ইউসেট স্কুলের সাবেক শিক্ষক এমদাদুল হক (৫৫)।
রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে বোমা ও গুলি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বৈঠক করছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষক এমদাদুল হককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত এমদাদুল হক খানাবাড়ি এলাকার তানভীর হাসানের পুত্র। তার বুকের মাঝখানে গুলি লেগেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় মামুন শেখ (৪৫), বেলাল হোসেন গুরুতর আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে লক্ষ্য করেই গুলি করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা কার্যালয় এলাকা থেকে বোমার অবশিষ্টাংশ ও গুলির খোসা উদ্ধার করেছে।