
শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাইকেল মধুসূদন গেট সংলগ্ন প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহসভাপতি মুফতি ফুরকান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক গাজী মো. শহিদুল ইসলাম।
সম্মেলনে বক্তব্য দেন কেশবপুর উপজেলা শাখার সহসভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক লাভলু হোসেন, দপ্তর সম্পাদক মুরাদ খান, অর্থবিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সহ-অর্থবিষয়ক সম্পাদক আঃ সালাম, মহিলা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, পৌর শাখার সেক্রেটারি ইনতাজ আলী, মুজাহিদ কমিটির সভাপতি মুফতি আঃ কাদের, সহসভাপতি মুফতি আবু মুছা সালিম, সেক্রেটারি ডা. আব্দুল হামিদ, জয়েন্ট সেক্রেটারি আব্দুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া সাতবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল আহাদ, শ্রমিক আন্দোলনের পৌর শাখার সভাপতি মোসলেম উদ্দিন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সহসভাপতি আলফাজ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব ডা. আব্দুল মান্নান। বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মাটি, মানুষ ও মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি ভূমিকা রাখছে। তাঁরা বলেন, দেশে মানুষের বাক্স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের সংকট রয়েছে। এ পরিস্থিতিতে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নতুন নেতৃত্বকে সাহসিকতার সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ কেশবপুর উপজেলা শাখার পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের ভোটের মাধ্যমে ২০২৭-২০২৮ মেয়াদের দুই বছর মেয়াদি ২৫ সদস্যের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। সম্মেলনে প্রাথমিকভাবে পাঁচজনের নাম ঘোষণা করা হয় এবং আগামী দুই দিনের মধ্যে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
নতুন কমিটিতে মাওলানা সিরাজুল ইসলাম পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম ও আলহাজ্ব ডা. আব্দুল মান্নান। সেক্রেটারি হয়েছেন মো. মুরাদ খান এবং সহসেক্রেটারি নির্বাচিত হয়েছেন কারি আব্দুস সালাম।
পরে নবগঠিত কমিটির পাঁচ নেতাকে শপথবাক্য পাঠ করান যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।