
আলী আজীম, মোংলা (বাগেরহাট)
খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ২টার দিকে খুলনা জেলার রূপসার খান জাহান আলী টোল প্লাজার কাছে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. মিলন (৩৫)। তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
লেফটেন্যান্ট মাহবুব হোসেন আরও জানান, জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।