
আলী আজীম, মোংলা (বাগেরহাট)
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
শনিবার (১৭ মে) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এই ওয়ার্কশপ শুধু কোস্টগার্ড নয়, বরং মোংলা বন্দর, নৌবাহিনী, নৌপুলিশ, বিজিবি ও বন বিভাগের বোটের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ‘মেরামতের হাব’ হিসেবে কাজ করবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে ইনশোর পেট্রোল ভেসেল, ফ্লোটিং ক্রেন ও টাগবোট যুক্ত হয়েছে। ভবিষ্যতে হাই স্পিড বোট, সারভেইল্যান্স ড্রোন, দ্রুতগামী জাহাজ এবং হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “কোস্টগার্ডকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে নতুন করে আরও ৫টি বড় বোট কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।”
পুশ-ইনের বিষয়ে তিনি জানান, “সম্প্রতি কোস্টগার্ড গোপনে দেশে প্রবেশ করা ৭৫ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে এবং ভবিষ্যতে এই ধরনের অপতৎপরতা রোধে তারা সতর্ক রয়েছে।”
জলদস্যু দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তিনি বলেন, “জলদস্যু বা বনদস্যু— যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. জসীম উদ্দিন খান, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, নৌবাহিনী, বন বিভাগ ও মোংলা বন্দরের কর্মকর্তারা।