
উম্মে উমামা রাত্রি স্টাফ রিপোর্টার
রাত পোহালেই মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র শবেবরাত এবং ১৪ ফেব্রুয়ারি (বিশ্ব ভালোবাসা দিবস)। ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ফুল, তাই খুলনার তরুণ-তরুণীরা ছুটে এসেছেন ফুল মার্কেটে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কম, ফলে হতাশ ব্যবসায়ীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৌমিতা ফারাজীপাড়া ফুল মার্কেটে আসেন। তিনি বলেন, “ভালোবাসা দিবসে ফুলের চাহিদা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় মানুষের মন খারাপ। তারপরও আমরা ভালোবাসার বার্তা ছড়াতে চাই।”
অন্যান্য ক্রেতারাও জানান, দেশের অস্থিরতার কারণে অনেকেই এবার ভালোবাসা দিবসের আমেজ ঠিকভাবে উপভোগ করতে পারছেন না। তাছাড়া ফুলের দামও অন্যান্য বছরের তুলনায় বেশি, যা অনেকের জন্য চাপের কারণ হয়েছে।

ফারাজীপাড়া ফুল মার্কেটের ব্যবসায়ীরা জানান, খুলনার সবচেয়ে বড় ফুলের বাজার এটি। এবারও গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, অর্কিড, জাবেরা ও জিবসি বিক্রি হচ্ছে, তবে প্রত্যাশার তুলনায় কম। সাধারণত এই সময় ফুলের ব্যবসায়ীরা প্রচুর লাভ করেন, কিন্তু এবার তাদের লোকসানের আশঙ্কা রয়েছে।
পাইকারি দোকানদার মো. হোসেন বলেন, “আগস্টের পর থেকে খুলনার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মানুষ এখনো পুরোপুরি উৎসবমুখর নয়। তবে শেষ মুহূর্তে কিছুটা বিক্রি বাড়তে পারে বলে আশা করছি।”
ব্যবসায়ীরা এখন শেষ সময়ের ক্রেতার অপেক্ষায় রয়েছেন, দেখার বিষয় শেষ রাতে বিক্রি কেমন হয়।