
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে শুক্রবার (১১ জুলাই) দুপুরে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের সিঙ্গাবিল এলাকার জলাবদ্ধ অঞ্চল ও পলি ভরাট স্লুইস গেট পরিদর্শন করেন।
বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যে শত শত কৃষকের উপস্থিতিতে আয়োজিত মতবিনিময় সভায় মো. আলি আসগার লবি বলেন, “খর্ণিয়া ও রুদাঘরা ইউনিয়নের হাজারো মানুষ প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ভোগেন। এতে মাছ ও সবজি চাষে মারাত্মক ক্ষতি হয়। মানুষের এই দুঃখ-দুর্দশা আমি গভীরভাবে অনুভব করি। শুধু সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা করলে চলবে না—আমি নিজ অর্থায়নে এই গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে আপনাদের সঙ্গে নিয়ে যা যা প্রয়োজন, তা করব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।”
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা মাহাবুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা কবির হোসেন, গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান, আলমগীর হোসেন, আঃ রব আকুঞ্জি, জিএম সাইকুল ইসলাম, মিন্টু খান, বিএম গোলাম সরোয়ার, মোল্লা আবুল কাশেম, চেয়ারম্যান বিএম জহুরুল হক, নুর ইসলাম মেম্বার, শিক্ষক বায়েজিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ, মেহেদী হাসান তুহিন, সাকিব হাসানসহ সর্বস্তরের জনসাধারণ।
এর আগে, জুমার নামাজ আদায় শেষে তিনি খর্ণিয়া ইউনিয়নের প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদারের কবর জিয়ারত করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে অসুস্থ মোল্লা আবুল কাশেমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
জানা গেছে, বিএনপি নেতা মোহাম্মদ আলি আসগার লবি ইতোমধ্যে খুলনা-৫ আসনে কয়েক দফায় মাঠ পরিদর্শন, জনসংযোগ ও কৃষক-জনতার সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। তার এসব কর্মকাণ্ডে নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।