
নিজস্ব প্রতিবেদক
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির প্রতিবাদে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব ও পরিবেশবিদ অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। অনুষ্ঠানে বক্তারা প্রশাসনের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে খুলনায় বিভিন্ন ধরনের অপরাধ, খুন, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে গেছে। প্রশাসন কার্যকরভাবে এসব দমন করতে ব্যর্থ হয়েছে। অনেক নিরীহ ও সাধারণ মানুষ পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। অপরাধীরা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে নিরাপদে অপরাধ চালাচ্ছে।
বক্তারা প্রশাসনকে জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বৃহত্তর জনগণও সচেতন ও সহায়ক ভূমিকা রাখুক।
সমাবেশে অংশ নেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কোঅর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, বাংলাদেশ লেবার পার্টির জেলা সভাপতি এ এস এম সাইফুদ্দোহা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খুলনা সাহিত্য একাডেমীর সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা খুলনা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।