
খুলনায় ওরিয়ন গ্রুপের রিজিওনাল ডিপোতে মেয়াদোত্তীর্ণ কনজ্যুমার পণ্য বাজারজাত করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গণন বাবু রোডস্থ ওরিয়ন কনজ্যুমার লিমিটেডের খুলনা অফিসে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ লাচ্ছা সেমাই, স্টিক সেমাই ও লুডুস জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ওরিয়ন গ্রুপ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংগ্রহ করে পুনরায় নতুন তারিখের সিল লাগিয়ে বাজারজাত করছিল। এ তথ্যের ভিত্তিতে খুলনা বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, একই ধরনের পণ্যের বস্তায় বিভিন্ন তারিখের মেয়াদ সংযুক্ত করা হয়েছে, যার মধ্যে কিছু পণ্যের মেয়াদোত্তীর্ণ, কিছু মেয়াদবিহীন। অভিযানে ১৮০ গ্রাম ওজনের ৬৯ বস্তা (প্রতি বস্তায় ৪০টি প্যাকেট) মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। পাশাপাশি, জব্দকৃত পণ্য গণমাধ্যম কর্মী ও পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানা সার্বিক সহযোগিতা প্রদান করে।