
নিজস্ব প্রতিবেদক:
খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে হঠাৎ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ মিছিল হয়। গত বছরের ৫ আগস্টের পর এটাই খুলনায় দলটির প্রথম প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকটি গাড়ি থেকে নেতাকর্মীরা নেমে ব্যানার হাতে বিক্ষোভ শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়—মিছিলকারীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের টেলিগ্রাম প্ল্যাটফর্মে এক সংলাপ অনুষ্ঠিত হয়। তাঁর নির্দেশনার পরপরই আজকের এ মিছিল হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিলে অনেক অপরিচিত মুখ দেখা গেছে।
এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার বলেন, “হঠাৎ গাড়ি থেকে নেমে মিছিল করে পালিয়ে গেছে তারা। সকালের দিকে রাস্তা ফাঁকা থাকায় কেউ বাধা দিতে পারেনি। পুলিশ মিছিলকারীদের শনাক্তে তৎপর রয়েছে।”