
নিজস্ব প্রতিবেদক
সরকার পতনের পর থেকে জনগণের ক্রোধে কর্মবিরতিতে ছিলেন বাংলাদেশের পুলিশ সদস্যরা। বেশ কয়েকদিন থেকে রাস্তায় ছিল না ট্রাফিক পুলিশ। যার ফলে নিয়ম না মেনেই রাস্তায় চলছিল যানবাহন। দেশের এমন পরিস্থিতিতে রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সেই সাথে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও কাজ করছেন ছাত্রদের সঙ্গে। সারাদেশের ন্যায় খুলনায় বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কাজ করছেন ছাত্র ছাত্রীরা। পাশাপাশি শহর পরিচ্ছন্নের কাজ করছে শিক্ষার্থীরা
এতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে রাস্তায়, স্বস্তিও ফিরে এসেছে জনমানুষের মনে। রাস্তায় চলাফেরা করা মানুষ ও যানবাহনকে সিগন্যাল মানতে বাধ্য করছেন শিক্ষার্থীরা। যারা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করছেন না তাদের ৫-১০ মিনিটের জন্য দাঁড় করিয়ে রেখে শাস্তিও দিচ্ছেন তারা। যদিও তাতে কোন মানুষের অভিযোগ পাওয়া যায়নি।

দিনে কয়েক শিফটে ভাগ হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের অনেকেই খাবার ও পানি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, শহরের বেশিরভাগ স্থানেই দেখা গেছে এমন চিত্র। অন্যান্যদের মতো তাদের পাশে এসে দাঁড়িয়েছে খুলনা খালিশপুর বাইতুস সালাত জামে মসজিদ কমিটি, তাদের পক্ষ থেকে রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করা শিক্ষার্থীদের মাঝে কিছু খাবার ও পানি বিতরণ করতে দেখা গেছে শহরের বিভিন্ন স্থানে। এসময় মসজিদ কমিটির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সহ- সম্পাদক আফজাল হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করবে, সেই পর্যন্ত আমার সাধ্যমত তাদের সহযোগিতা করার চেষ্টা করব। তিনি এলাকার ও সমাজের সচেতন মহলকে পুলিশ ও ছাত্র ছাত্রীদের নৈতিক কাজে সহযোগিতা করার অনুরোধ করেন।
