
খুলনা প্রতিনিধি
খুলনায় স্থানীয় পত্রিকার গেটকিপারদের সঙ্গে সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে আয়োজিত এই সভার আয়োজন করে নিউজ নেটওয়ার্ক, যার আর্থিক সহায়তা প্রদান করে ইউনেস্কো-আইপিডিসি।
সভায় আলোচনা হয় সংবাদকর্মী ও গেটকিপারদের নিরাপত্তা, মিডিয়া স্বনিয়ন্ত্রণ, সংবাদকক্ষের নিয়মাবলী, সাংবাদিকদের নিরাপত্তা-সংক্রান্ত নীতিমালা সংশোধনের প্রস্তাবনা, ভুল তথ্য ও ঘৃণাত্মক বক্তব্য মোকাবিলা, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং পেশাজীবী সাংবাদিকদের সুরক্ষায় স্টেকহোল্ডারদের সমন্বিত ভূমিকা নিয়ে।
সভায় মূল প্রেজেন্টেশন ও সঞ্চালনা করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান। উপস্থিত ছিলেন খুলনা সমন্বয়কারী দিদারুল আলম, কর্মকর্তা রেজাউল করিম ও প্রশিক্ষক মীর রায়হান মাসুদ।
মতবিনিময়ে খুলনার আঞ্চলিক পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক ও নিউজ রুম সম্পাদকগণ অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি, কারণ এটি সংবাদপত্রের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য অপরিহার্য।