
খুলনা, ২০ মে ২০২৫:
বাংলাদেশ নৌবাহিনীর চলমান গ্রীষ্মকালীন বি-২০২৫ ব্যাচের নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তির কার্যক্রমকে কেন্দ্র করে খুলনায় একটি প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মে) খুলনার সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেসে এ অভিযান চালানো হয়।

অভিযানে হোটেল থেকে প্রতারণার শিকার ৩৮ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা গেছে, চক্রটি ৮ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করে ভর্তির মিথ্যা আশ্বাস দিয়ে ব্যাংকের স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এবং ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করে নেয়। তারা আরও জানায়, প্রতারকরা হোটেলে বসেই কালার ব্লাইন্ড টেস্ট বই ব্যবহার করে ভুয়া চোখের পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার নাটক সাজায়। অনেক প্রার্থী শেষ সম্বল বিক্রি করে অর্থ জোগাড় করে তাদের হাতে তুলে দেন। অভিযানে চক্রের কাছ থেকে ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্নপত্র ও বানানো উত্তরপত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, প্রতি বছর নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে এ ধরনের অসাধু চক্র সক্রিয় হয়। তবে নৌবাহিনীর কড়া নজরদারি, প্রযুক্তির ব্যবহার এবং ভর্তি কার্যক্রমের স্বচ্ছ ব্যবস্থাপনার কারণে বেশিরভাগ সময় এ ধরনের প্রতারণা প্রতিহত করা সম্ভব হয়।
সতর্কবার্তায় নৌবাহিনী পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে যে, কোনও ধরনের আর্থিক লেনদেনের ভিত্তিতে নৌবাহিনীতে চাকরি পাওয়ার সুযোগ নেই। জনসাধারণকে এ ধরনের প্রতারকচক্রের ফাঁদে না পড়ার অনুরোধ জানানো হয়েছে।