1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ পরিয়ে খাদ্য পরিদর্শক অপহরণ, সাড়ে ৫ ঘণ্টায় উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে অপহরণ করে একটি দুর্বৃত্ত চক্র। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সুশান্তকে হ্যান্ডকাপ পরিয়ে ট্রলারে তুলে নেয়। অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর তাঁকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে খুলনা সদর থানায় এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সুশান্ত কুমার মজুমদার খুলনা শহরের ৪ নম্বর ঘাট এলাকায় খাদ্য অধিদপ্তরের পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত।

রোববার সন্ধ্যা ৭টার দিকে সুশান্তকে ৪ নম্বর ঘাট এলাকা থেকে ট্রলারে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অপহরণকারীরা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দেয় এবং সুশান্তকে হ্যান্ডকাপ পরিয়ে ট্রলারে তোলে। পরে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে চক্রটি।

ঘটনার পরপরই অপহৃতের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, “অপহরণের খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে। অপহরণকারীরা পুলিশের চাপ টের পেয়ে রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিকটিমকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, “অপহরণকারীরা মুক্তিপণের টাকা বিকাশে পাঠাতে বলেছিল। পরিবারের পক্ষ থেকে কিছু টাকা পাঠানোও হয়। বিকাশ লেনদেনে ব্যবহৃত এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “খুলনা থানা পুলিশের অনুরোধে তেরখাদা থানা পুলিশ উদ্ধার অভিযানে সহযোগিতা করে। ভিকটিমকে আমরা জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরে স্বস্তি পেয়েছি।”

ঘটনার সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই অপহরণ—তা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি। তবে পুলিশ বলছে, অপহরণকারীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনার এই ঘটনাকে কেন্দ্র করে শহরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ ব্যবহার করে একজন সরকারি কর্মকর্তাকে অপহরণ করার ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park