
নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরের নিরালা এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নিরালার তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীতে ১৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—মনির হাওলাদার (২২) ও হানিফ শেখ (২২)। মনির ওই এলাকার আলম শেখের ছেলে এবং হানিফ শেখ একই এলাকার সিরাজ শেখের ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে ১০–১৫ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়িভাবে গুলি ছোড়ে। এতে মনির ও হানিফ গুলিবিদ্ধ হন।
চাক্ষুষ এক সাক্ষী বলেন, “মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করে। কাজ শেষে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। ওরা তখন মজুরি ভাগ করছিল। হঠাৎ মোটরসাইকেলে আসা কিছু লোক গুলি করতে শুরু করে। মনিরের গায়ে গুলি লাগে। ওই সময় হানিফ বাসায় ছিল, তাকেও গুলি লাগে।”
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, “৮ থেকে ১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়। গুলিতে মনিরের নিতম্বে এবং হানিফের শরীরে গুলি লাগে। তাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। কী কারণে এ হামলা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঘটনার পর নিরালা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এলাকায় টহল জোরদার ও দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা হোক।