
নিজস্ব প্রতিবেদক
খুলনায় ঘরে তৈরি বিষাক্ত দেশি মদ পান করে পাঁচজনের মৃত্যুর ঘটনায় সেই মদ প্রস্তুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়কের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শেখ মোসলেম আলি (৭৮)। তিনি এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত এবং তার মালিকানায় রয়েছে ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকান। দোকানের আড়ালে তিনি নিজ বাড়িতে বসেই বিভিন্ন উপাদান দিয়ে অবৈধভাবে দেশি মদ তৈরি করতেন বলে পুলিশ জানিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক সাংবাদিকদের জানান, মোসলেম আলি “এলকোলি” নামের কেমিক্যাল, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন। তার তৈরি মদ আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা, মদিনা নগর এলাকার একটি ঘেরে পান করেন কয়েকজন ব্যক্তি। এরপর তারা অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও চারজন মারা যান।
মৃতদের মধ্যে রয়েছেন—খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেটসংলগ্ন বাসিন্দা তোতা মিয়া (৬০), রায়ের মহল এলাকার গৌতম কুমার বিশ্বাস (৪৭), বয়রা শেরের মোড়ের সাহাবুদ্দিন ওরফে সাবু (৬০), বয়রা মধ্যপাড়ার আফরোজ হোসেন বাবু (৫০) এবং রায়ের মহল মল্লিকবাড়ির বাসিন্দা সাজ্জাদ (৫৯)।
প্রথমে তোতা মিয়ার মৃত্যু স্বাভাবিক ধরে তার মরদেহ পিরোজপুরে পারিবারিকভাবে দাফন করা হয়। পরে অন্যদের মৃত্যুর পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নামে এবং রাতেই অভিযুক্ত মোসলেম আলিকে আটক করে।
এ ঘটনায় গুরুতর অসুস্থ বয়রা দাশপাড়া এলাকার বাসিন্দা সনু বর্তমানে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, আটকের পর মোসলেম আলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় খুলনাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অবৈধ দেশি মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।