
খুলনা প্রতিনিধি:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ১৪ বছরের পথচলার গৌরব উদযাপন উপলক্ষে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় এক বর্ণাঢ্য আলোচনা সভা, কেককাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই মাছরাঙা টেলিভিশনের খুলনা ব্যুরোর সম্মানিত প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু-কে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এক প্রাণবন্ত আলোচনা সভায় টেলিভিশনটির গৌরবময় পথচলার ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এনামুল হক এবং স্থানীয় গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বিগত ১৪ বছরে মাছরাঙা টেলিভিশন সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে মাছরাঙা টেলিভিশন যে ভূমিকা রেখে চলেছে, তা গণতন্ত্র ও সামাজিক জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে খুলনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উদযাপন করা হয়।