
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের জন্য বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার-এর আয়োজন ও সহযোগিতায় বৃহস্পতিবার (২১ আগস্ট) নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজে এই কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে তারা সামাজিক অপরাধের ঝুঁকি ও নিরাপদ জীবনধারার গুরুত্ব সম্পর্কে অবগত হন।
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, যিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ সমাজ ও পরিবারের জন্য গুরুতর হুমকি। তরুণ প্রজন্মকে নিরাপদ জীবন নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। অসচেতনতার কারণে অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে বিদেশে গিয়ে চরম দুর্ভোগে পড়েন। একইভাবে বাল্যবিবাহ মেয়েদের পড়াশোনার পথ বন্ধ করে দেয় এবং তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়।”
প্রধান অতিথি শিক্ষার্থীদের মানব পাচারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন এবং পাশাপাশি অনলাইন প্রতারণা ও হয়রানি এড়ানোর কৌশল, সড়কে নিরাপদ চলাচল, মাদকাসক্তি থেকে দূরে থাকা, মোবাইল আসক্তি কমানো এবং বাল্যবিবাহের কুফল বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য এওয়ারনেস কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাস্টিস এন্ড কেয়ার-এর কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেশন শেষে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে প্রশ্নোত্তর ও মতামত বিনিময় করেন এবং নিজের জীবনের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ে আরও জ্ঞান অর্জন করেন।