
মোঃ রাজু হাওলাদার খুলনা
১৫ জুন ২০২৫, রোববার রাত অনুমান ৯টার দিকে খুলনা মহানগরীর সিটি মেডিকেলের সামনে, বদর হোটেলের বিপরীতে রূপসা অটোমোবাইল (মাসুমের মাইক্রো গ্যারেজ) এর সামনে দুর্বৃত্তদের গুলিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ও খুলনা জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এসএম সাজিদ হাসান (২২) গুরুতর আহত হন। নিহতের পিতা মৃত এসএস জাহিদ আলী এবং স্থায়ী ঠিকানা বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড়, থানা লবনচোরা, জেলা খুলনা।
সাজিদ তার বন্ধু হাসনকে সঙ্গে নিয়ে শিববাড়ি মোড় থেকে রিকশাযোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় আকাশ ও সৌরভ নামে দুই যুবক মোটরসাইকেলযোগে পেছন থেকে তাদের অনুসরণ করে। ঘটনাস্থলে পৌঁছালে সাজিদ রিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে, আকাশ নামে এক হামলাকারী পিস্তল দিয়ে পরপর তিনটি গুলি ছোড়ে। সাজিদের বুকের ডান পাশ, পেট ও ডান উরুতে গুলি লাগে।
স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী দু’জন—আকাশ ও সৌরভ—পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
ভিকটিমের পরিবার ও সহপাঠীদের অভিযোগ, সাজিদ সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকায় পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।