
নিজস্ব প্রতিবেদক
খুলনা ও আশেপাশের ৮ জেলার বিভিন্ন এলাকায় রোববার (২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যাপক অভিযান পরিচালনা করেছে। খুলনা জেলা ও বিভাগের আওতাধীন ৮টি টিম এই তদারকিমূলক অভিযান চালিয়ে ২২টি প্রতিষ্ঠানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।
অভিযানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের দাম এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। সব ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে মহানগরীর বৈকালী বাজার ও চিত্রালী বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং তাদেরকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।