
নিজস্ব প্রতিবেদক
খুলনায় রবিবার (২৭ এপ্রিল) দুপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটে। খুলনা শহরের সদর থানা এলাকার দোলখোলা মোড়ের একটি ভাড়া বাসায় ১৮ বছর বয়সী এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইবনাত বিনতে বুশরা শিফা আত্মহত্যা করেছেন। শিফা রূপসা বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী ছিলেন। নিহত শিফার পিতা বাবু শেখ জানান, পারিবারিক কলহের কারণে শিফা গতকাল দুপুরে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক মো: রাজু হাওলাদার। খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার ও রাজধানী টিভির সাংবাদিক মো: রাজু হাওলাদার হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা: মেহনাজ মোশারফের কাছে তথ্য চাইলে চিকিৎসক তা দিতে অস্বীকার করেন। পরবর্তীতে মোবাইল বের করলে আনসার বাহিনী ও আউটসোর্সিং কর্মীরা তাঁকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন।
এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং সোনাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, সাংবাদিক লাঞ্ছণার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
খুলনা প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, তথ্য সংগ্রহের অধিকার একজন সাংবাদিকের মৌলিক অধিকার। তাদের ওপর হামলা ও লাঞ্ছনা নিন্দনীয় ও স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।