
নিজস্ব প্রতিবেদক
খুলনার সোনাডাঙ্গা থানাধীন নুরনগর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহত রিকশাচালকের নাম মনিরুল ইসলাম গাজী (পিতা কুরমান আলী গাজী)। তিনি খুলনা সদর থানার দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি ছোটখালপাড় এলাকার বাসিন্দা।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, প্রথমে একটি সিএনজি রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক পড়ে গেলে পেছন থেকে আসা সারবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।