
খুলনার টুটপাড়া দাদা ম্যাচ ফ্যাক্টরির কাছে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে লেফটেন্যান্ট কর্নেল তাইফুল ইসলাম, পিএসসি (অধিনায়ক, ১৭ বীর)-এর নেতৃত্বে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ক্যাম্পের একটি সেনা টহল দল অভিযান চালায়।
তথ্য অনুযায়ী, কুখ্যাত আশিক গ্রুপের সন্ত্রাসী রসুল (২৮)-এর নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী ঈদকে সামনে রেখে ছিনতাই ও চাঁদাবাজির পরিকল্পনায় ওই এলাকায় অবস্থান করছিল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুটি রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।