
নিজস্ব প্রতিবেদক
খুলনা, ২৯ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার):
খুলনা নগরীতে মো. রাসেল (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাসেল রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির বাসিন্দা মো. রফিকের ছেলে এবং পেশায় মাছ আড়তের শ্রমিক। বিয়ের পর তিনি স্ত্রী ইশাকে নিয়ে কাশেম সড়কের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের নিরবতায় হঠাৎ পুলিশের উপস্থিতি ও তৎপরতায় এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়। পরে জানা যায়, রাসেল গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
খুলনা থানার এসআই নান্নু মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল নিজ ওড়না দিয়ে ঘরের হুকের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্ত্রী ইশাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।