
ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার:
গণহত্যা দিবস উপলক্ষে খুলনার দিঘলিয়ায় আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন এবং সঞ্চালনা করেন প্রভাষক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জার বাবলা, সহকারী অধ্যাপক মল্লিক নুরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক এ জেড এম গোলাম কিবরিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে সামরিক অভিযান চালিয়ে দেশের প্রধান শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে বাঙালিদের ওপর ভয়াবহ গণহত্যা চালায়। সেই রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে জাতিকে নিঃশেষ করার চেষ্টা করা হয়। সেই ভয়াল গণহত্যার স্মরণে আজ জাতি শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছে।