
নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর দৌলতপুর থানায় একাধিক হত্যা মামলার পলাতক আসামি ওসমানকে (৩০) পাবনা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আরমানের অন্যতম সহযোগী বলে জানিয়েছে এসআরবি ফোর্সেস।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানি ও এসআরবি-১২-এর সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ওসমান খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার দেওয়ান মুন্সির ছেলে। এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি আরমান বাহিনীর প্রধান আরমানের অন্যতম সহযোগী। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর ওসমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।