
এস.এম. শামীম, খুলনা:
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা অবৈধ চিংড়ি জব্দ করা হয়েছে। শনিবার (২৮ জুন ২০২৫) সকাল ১০টার দিকে কয়রার মঠবাড়িয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, কয়রা থানা পুলিশ, বন বিভাগ, ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অভিযানে আনুমানিক ৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি, চিংড়িতে ব্যবহৃত জেলি, এবং অন্যান্য সরঞ্জামাদিসহ মোসাম্মত তাসমিয়া (৩৭)-কে চিংড়িতে জেলি পুশরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী আলাউদ্দিন গাইন (৪২) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত আসামিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত চিংড়িগুলো ধ্বংস করা হয় এবং ঘটনাস্থলেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জেলি পুশ করে চিংড়ি বাজারজাত করা হচ্ছিল, যা ক্রেতাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি। বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, অবৈধ বাণিজ্য ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম চলমান থাকবে।
এই ধরনের অভিযান অব্যাহত থাকলে উপকূলীয় অঞ্চলে মাছ ও চিংড়ির মান ও বিশ্ববাজারে দেশের ভাবমূর্তি সুরক্ষিত থাকবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।