
নিজস্ব প্রতিবেদক
খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় ‘তারুণ্যের উৎসব ২০২৬’ উপলক্ষে একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে নলিয়ান ও তৎসংলগ্ন এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, ক্যাম্পেইনে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটি একটি মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসা পায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
মেডিক্যাল সেবার পাশাপাশি ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশপ্রেম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং অগ্নি নির্বাপণ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তিনি আরও জানান, জনগণের পাশে থাকতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।