
শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা।
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত তাঁকে পিটিয়ে আহত করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল ৩০ জানুয়ারি দুপুরে ইউনিয়ন পরিষদে একটি সালিশ বিচার চলাকালে দুর্বৃত্তরা চেয়ারম্যান নন্দুর ওপর অতর্কিত হামলা চালায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আজিজুল ইসলাম নন্দু জানান, কিছুদিন আগে চাঁদপুর গ্রামের কয়েকজন সংঘবদ্ধ চোর কয়েকটি মাছ চুরি করে। বিষয়টি জানাজানি হলে তাদের জরিমানা করা হয়। এই ঘটনার জের ধরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা দাবি করেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণেও এই হামলা হয়ে থাকতে পারে।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী এবং রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
রূপসা থানার ওসি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।