
মোঃ রাজু হাওলাদার খুলনা
খুলনা, ৯ জুন ২০২৫:
খুলনার রূপসা উপজেলায় ভয়াবহ এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। নয়িহাটি ইউনিয়নের জয়পুরহাট খ্রিস্টান কলোনি এলাকার দক্ষিণপাড়ায় সোমবার দিবাগত রাতে এক গৃহবধূকে (২৩) নিজ বাড়িতে স্বামীকে আটকে রেখে জোরপূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভিকটিমের স্বামী মো. সোহেল রানা জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনজন যুবক তাকে রূপসা কলেজের পাশ থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে একটি মোটরসাইকেলে করে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনায় অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. পারভেজ (পিতা: ফনু মিয়া), রাতুল (পিতা অজ্ঞাত), ও মো. মাসুদ (পিতা অজ্ঞাত)। এদের মধ্যে রাতুল ও মাসুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর স্বামী ও স্বজনরা ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং মেডিকেল পরীক্ষার অপেক্ষায় আছেন।
ভিকটিমের স্বামী আরও দাবি করেন, সম্প্রতি গ্রেনেট বাবুর সহযোগী মিরাজ নামের একজনকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ায় প্রতিশোধ নিতে এই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিকটিমের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছি।”
এ ঘটনা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।