
নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে গত ১৭ মাস ধরে চলা নিরস্ত্র মানুষের ওপর নির্মম গণহত্যার প্রতিবাদ এবং ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাজারো মানুষ।
সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং তৌহিদি জনতা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আওতায় শিববাড়ি মোড়ে জড়ো হন। এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে সমাবেশস্থলে মিলিত হয়।
বিক্ষোভকারীদের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েলি পণ্য বর্জনের নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা ইসরায়েলি পণ্য বয়কট করে ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় নারী-শিশু-বৃদ্ধসহ নিরীহ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। অথচ জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা নিশ্চুপ। তারা আরও বলেন, বিশ্ব মুসলিমদের এক হতে হবে এবং ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে সোচ্চার হতে হবে। বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশস্থলে বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসরায়েলি পণ্য বয়কট চাই’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ বিচার চাই’, ‘জিহাদ জিহাদ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর হামলা বন্ধে জাতিসংঘ যদি কার্যকর ভূমিকা না নেয়, তাহলে মুসলিম বিশ্ব জিহাদের মাধ্যমে ইসরায়েলকে জবাব দেবে।