
নিজস্ব প্রতিবেদক
খুলনার খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য রান্না করা খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। খাবারের মান নিম্নমানের হওয়ায় তিনি কুমড়োর তরকারি মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেন।
বুধবার (২০ মে) দুপুরে আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার দেখে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” পরে হাসপাতালের সুপারিনটেনডেন্টকে ভালো মানের খাবার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা জেলা প্রশাসনর জেলা প্রশাসক মিছ হুরে জান্নাত।
পরিদর্শনের সময় হাসপাতালের রেবিস ভ্যাকসিন কর্নারে গিয়ে রোগীদের কাছ থেকে ভ্যাকসিন সংকটের অভিযোগ শোনেন মন্ত্রী। রোগীরা জানান, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে নিতে হচ্ছে। বিষয়টি দেখে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে তিরস্কার করেন।
পরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।