
খুলনা প্রতিনিধি
খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে খুলনা জেলা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত র্যালিতে জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলিমুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্যা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এম সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং সমাজে ইতিবাচক সম্পর্ক ও ঐক্য গড়ে তোলে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করার কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।