
খুলনা প্রতিনিধি:
খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল ভবনটির ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর কর্মকর্তাদের জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে, কোনোভাবেই আতঙ্কের কারণ হওয়া যাবে না। দেশের অর্থনীতিতে করদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি কর ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা।
রকিবুল ইসলাম বকুল বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম—রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎসহ অবকাঠামো উন্নয়নের প্রধান উৎস হলো জনগণের কর। তাই কর ব্যবস্থাকে কার্যকর করতে কর ফাঁকি রোধের পাশাপাশি নিয়মকানুন সহজ ও স্বচ্ছ করা জরুরি। তিনি বলেন, এখনো অনেক মানুষের মধ্যে টিআইএন সনদ গ্রহণ নিয়ে ভীতি রয়েছে, যা দূর করতে কর কর্মকর্তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, করের হার বৃদ্ধি না করে করদাতার সংখ্যা বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য। কর প্রশাসনের বৈষম্য তুলে ধরে তিনি বলেন, বড় ব্যবসায়ীরা অনেক সময় কর ফাঁকি দিয়ে পার পেয়ে যায়, অথচ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়—এ প্রবণতা বন্ধ করতে হবে।
খুলনার আঞ্চলিক অর্থনীতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত এই অঞ্চলের শিল্পখাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে মৎস্য শিল্প সংকটে রয়েছে। এ অবস্থা উত্তরণে কুটির শিল্প থেকে শুরু করে বৃহৎ শিল্পকারখানা পুনরুজ্জীবনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কর ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
NGS/MMH