
নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরীতে সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় দুর্বৃত্তরা সম্রাট কাজী নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। লক্ষ্যভ্রষ্ট গুলিটি তার বাম হাতে লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা সম্রাট কাজীকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
আহত সম্রাট কাজী শিপইয়ার্ড এলাকার একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত। তিনি নড়াইল জেলার বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে একই দিনে দুপুরে খুলনা আদালত চত্বরের প্রধান ফটকের সামনে কুপিয়ে ও গুলি করে দুই যুবক নিহত হন। দুই হামলার পর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন, পরপর এই হামলার ঘটনায় শহরে নিরাপত্তা জোরদার করার প্রয়োজন রয়েছে।