
নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসার গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ ডালিম খান (৪০), রানা এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮)। ডালিম খানের বাবার নাম মৃত নওয়াব আলী খান। রানা আনিসের ছেলে এবং নয়ন নুরুল হকের ছেলে। তাঁদের বাড়ি খুলনা মহানগরীর লবণচরা থানার ভাজাওয়ালা ও সোনার বাংলা গলি এলাকায়।
এসআরবি-৬ জানায়, গ্রেপ্তার মোঃ ডালিম খানকে লবণচরা এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর পিসি-পিআর পর্যালোচনা করে লবণচরা থানায় বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।