
নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীতে চাঞ্চল্যকর মা-ছেলে হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি রিয়াদ খান (১৯) কে ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত রিয়াদ খান ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের সালাউদ্দিন খানের ছেলে।
র্যাব সূত্র জানায়, ২৫ ডিসেম্বর র্যাব-সিপিসি সদর কোম্পানি ও র্যাব-৭, সিপিসি-১ যৌথ আভিযানিক দলের গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে রিয়াদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি খুলনা সদর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামী।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত শিউলি বেগম (৫০) ছিলেন রিয়াদের মা এবং পেশায় সৌদি আরব প্রবাসী। গত ২৭ অক্টোবর দুই মাসের ছুটিতে দেশে আসেন। অভিযোগ রয়েছে, ১০ ডিসেম্বর দিবাগত রাতে মিউনিসিপ্যাল ট্যাংক রোড এলাকায় রিয়াদ অজ্ঞাত কারণে তার মাকে হত্যা করে আত্মগোপনে চলে যায়। ঘটনার পর ভিকটিমের ছোট ভাই রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের সময় রিয়াদের হেফাজত থেকে ২,০৫,৮৪০ টাকা, দুটি আইফোন, একটি স্মার্টফোন এবং একটি এয়ারপড জব্দ করা হয়। গ্রেফতারকৃত রিয়াদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৬ নিশ্চিত করেছে।