
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির কল্যাণ ট্রাস্টের অনুদানের ২০ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে খুলনার ২২ জন, যশোরের ১৫ জন, সাতক্ষীরার ১২ জন, নড়াইলের ১২ জন এবং বাগেরহাটের ৯ জন সাংবাদিক রয়েছেন।
যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী এবং নড়াইলের হুমায়ুন কবির রিন্টুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বিগত সময়ের মতো দলীয় বিবেচনায় নয়, প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। কে কোন দল বা মতের, তা বিবেচনা করা হচ্ছে না। আবেদনে প্রয়োজনীয় তথ্য সঠিক থাকলে সাংবাদিকরা অনুদান পাচ্ছেন।
তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। গণতন্ত্রের স্বার্থে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
সাংবাদিক নেতৃবৃন্দ অনুদানের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান অনুদানের পরিমাণ পর্যাপ্ত নয়। সাংবাদিকদের কল্যাণে অনুদানের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে সারাদেশে আর্থিক সহায়তা ও অনুদানের জন্য আবেদনকারী ৫০৩ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে মোট ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।
NGS/MMH