
নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহারকৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘গিভ অ্যান্ড টেক সেশন-৩’ শীর্ষক এই কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলার ফলে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, প্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবহারকৃত প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, ভবিষ্যতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা নিয়মিতভাবে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে। এই ধরনের কার্যক্রম যদি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ পায়, তবে তা সবুজায়ন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের হাতে ব্যবহারকৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ক্লাবের সভাপতি ইনছান আলী, সাধারণ সম্পাদক ফারদিন দীপন এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।