
নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়-এর মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন (গেস্ট হাউজ)-এ আধুনিক সুযোগ-সুবিধা সংযোজিত একটি নতুন ভিআইপি রুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফিতা কেটে এ ভিআইপি রুমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, নতুন ভিআইপি রুমটি আধুনিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আগত অতিথিদের সেবার মান আরও উন্নত করবে। একই সঙ্গে তিনি অতিথি সেবার মান দীর্ঘমেয়াদে বজায় রাখার ওপর সংশ্লিষ্টদের গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রকৌশল বিভাগের প্রশাসক প্রফেসর ড. মোঃ খসরুল আলম, খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সেখ মোঃ সাইফুল আলম বাদশা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন ভিআইপি রুমটিতে আধুনিক ইন্টেরিয়র ডেকোরেশনসহ অতিথিদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ে আগত দেশি-বিদেশি অতিথিরা আরও স্বাচ্ছন্দ্য ও মানসম্মত পরিবেশে অবস্থান করতে পারবেন।