
নিজস্ব প্রতিবেদক
আজ ১৫ জুন সকাল ০৯.৩০ মিনিটের সময় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিতব্য ঈদ-উল-আযহার প্রধান ঈদ জামায়াতের নিরাপত্তা ব্যবস্থাপনা খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সরেজমিনে পরিদর্শন করেন।
ঈদ জামায়াতের নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শনকালে মাননীয় মেয়র এবং কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এ সময় পুলিশ কমিশনার বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সদাসর্বদা তৎপর। এ বছর খুলনা মহানগরীতে ৬৫ টি ঈদগাহ ময়দান এবং ৩৮২ টি মসজিদে ঈদ-উল-আযহার জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের জামায়াতকে ঘিরে কোন অপশক্তি যাতে কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড সম্পাদন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, এটিএম বুথ, শপিংমল এবং বাসা বাড়ির নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে ঈদে অনেক মানুষ শহর ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যাবে ফলে অধিকাংশ বাসা বাড়ি ফাঁকা থাকবে এসময় চুরি ঘটনা যেন বৃদ্ধি না পায় সেজন্য মোবাইল পেট্রোলিং বাড়ানো হয়েছে।
সবশেষে পুলিশ কমিশনার উপস্থিত সকলকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন। এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।