
নিজস্ব প্রতিবেদক
খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: মোখতার আহমেদ।
সভায় চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় খুলনা সিটি কর্পোরেশনের ‘উন্নয়ন সহায়তা’ খাতে ৯২টি স্কীমে ২ কোটি ৭৬ লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি) গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন-৯৪১৭/১৮ ও সুপ্রীম কোর্টের লীভ টু আপীল ৩৫৯৬/২৩ এর আদেশ মোতাবেক কেসিসি’র ১’শ ২জন মাস্টাররোল কর্মচারীর চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরণের অনুমোদন দেওয়া হয়।
সভায় কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান-এর পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানসহ কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, জেলা প্রশাসন, বিটিসিএল, গণপূর্ত, এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বন বিভাগ, বিআইডব্লিউটিএ, প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এরপর বিকেল ৪টায় প্রশাসক মো: মোখতার আহমেদ-এর সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রাক-প্রস্তুতি, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি হ্রাসকরণের জন্য কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।