
মোঃ ফয়সাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি:
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কয়রায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কয়রা উপজেলা শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কয়রা হাইস্কুল মোড় থেকে একটি শোভাযাত্রা বের করে সংগঠনটি। “জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিটি কয়রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকা ঘুরে জামায়াত মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পতাকা হাতে এবং মুখে স্লোগান তুলে শিবিরকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন। ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে “ফ্যাসিবাদের মুক্তির অর্জন” উদযাপন করেন বলে জানায় আয়োজক সংগঠনটি।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী বলেন, “অভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়া হয়নি। রাষ্ট্রযন্ত্রে এখনও ফ্যাসিবাদী শক্তির আধিপত্য রয়েছে।”
খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি অয়েসকুরুনী বলেন, “অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল শুধু ফ্যাসিস্ট সরকার পতন নয়, বরং একটি ন্যায্য, গণতান্ত্রিক ও নৈতিক রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন। সেই লক্ষ্য আজও পূরণ হয়নি।”
তিনি আরও বলেন, “বর্তমান শাসনব্যবস্থা ফ্যাসিবাদের নতুন রূপ। দেশকে গণতন্ত্রহীন করে ফেলা হয়েছে। ছাত্রশিবির সেই বিরুদ্ধে লড়াই করে যাবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—সাবেক জেলা সভাপতি জি. এম. মোনায়েম, কয়রা থানা শাখার সভাপতি মাজহারুল ইসলাম, উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল গালিব, দক্ষিণ শাখার সভাপতি আসমাতুল্লাহ আল গালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ ও র্যালিতে কয়রার বিভিন্ন ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকাজুড়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।