
খুলনা প্রতিনিধি
সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে আট জেলেকে নিয়ে একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।
পরে দীর্ঘ সময় পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল ফিশিং বোটটি শনাক্ত করে সেটিতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। ফিশিং বোটসহ উদ্ধার হওয়া জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।