
গোপাল হালদার, পটুয়াখালী:
গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ “UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা)” হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পর পেইজটি থেকে ইউএনও’র বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে ইউএনও মিজানুর রহমান দেখতে পান যে তার অফিসিয়াল পেইজটি হ্যাক হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য আবেদন করেন।
তিনি জানান, “পেইজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আমি আইনগত সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছি।”
রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “ইউএনও স্যারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেইজটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।”