
মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে নড়াইল জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। তৌহিদী জনতা ও খেলাফত যুব মজলিসের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে পহরডাঙ্গা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গাজায় নারী, শিশু ও নিরীহ মানুষের ওপর ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক মানবাধিকারকে উপহাস করে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ধ্বংস করে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই প্রচেষ্টা একটি পরিকল্পিত গণহত্যা।
বক্তারা আরও বলেন, এ বর্বরতার জন্য ইসরায়েল সরকার ও নেতানিয়াহুর বিচারের দাবি জানান। পাশাপাশি বিশ্বের মুসলিম দেশসমূহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা ইসরায়েলি পণ্য বয়কট এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।