
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা বেড়েই চলেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা—যাদেরকে স্থানীয় প্রশাসন “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য” হিসেবে চিহ্নিত করেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনও’র গাড়িবহর লক্ষ্য করে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ইউএনওর গাড়িসহ আরও দুটি সরকারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন আহত হন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান নিজেই। তিনি বলেন, “জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আমরা প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময়ে পরিকল্পিতভাবে আমার গাড়িবহরে হামলা চালানো হয়। আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।”
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, এনসিপি’র মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার শহরের পৌর পার্কে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি বড় পদযাত্রার আয়োজন ছিল। এই কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যেই গান্ধিয়াশুর এলাকায় ইউএনওর গাড়িবহরে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।